দুর্গাপুরে ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

মোঃ জাকির হোসেন ( বাবলু ) দুর্গাপুর (রাজশাহী)

প্রকাশ: ১২:১২, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপুরে ১ হাজার মিটার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস

রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়ইল বিলে ক্ষতিকর চায়না দুয়ারী জাল বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে মোবাইল কোর্ট। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল তিনটায় উপজেলার কিসমত গণকৈড় এলাকার বড়ইল বিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণে 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০'-এর ৩(অ) ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বড়ইল বিলের বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১ হাজার মিটার দৈর্ঘ্যের মোট ১৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং) জাল জব্দ করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা সটকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত রিং জালগুলো বিল থেকে অপসারণ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহা: বাবুল হোসেন ও মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, দেশীয় মাছের প্রজনন ও প্রজাতি রক্ষায় ক্ষতিকর ও অবৈধ জালের ব্যবহার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন