নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ আজিজুর রহমান, নোয়াখালী

প্রকাশ: ১১:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল সড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী জেলা শহরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সড়কের উভয় পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের ব্যস্ত সড়কটির দুই পাশে দীর্ঘদিন ধরে স্থায়ী ও অস্থায়ীভাবে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল। এসব অবৈধ দখলের কারণে সড়কটি সংকুচিত হয়ে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে হাসপাতালে আসা রোগী, স্বজন ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো।

অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল সড়কের উভয় পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি দখলমুক্ত করা হয়।

এ সময় শহরের প্রধান সড়কের সুপার মার্কেটসংলগ্ন এলাকায়ও কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জনভোগান্তি দূর ও নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জেলা শহর মাইজদীসহ জেলার যেসব স্থানে সড়ক দখল করে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছে, পর্যায়ক্রমে সেসব স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন