মোঃ ডাবলু মিয়া, গাবতলী (বগুড়া)
প্রকাশ: ১৬:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
অভিযুক্তরা হলেন—গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের মালিয়ানডাঙ্গা গ্রামের দুলু ফকিরের ছেলে রাকিবুল হাসান শাকিল (২৬), খোরশেদ আলম মেম্বারের ছেলে রকি মিয়া (২৭), মোফাজ্জল মন্ডলের ছেলে জিহাদ (২৪), রফিকুল ইসলামের ছেলে ইমরান ইসলাম (২২) এবং বেলাল ফকিরের ছেলে আলামিন (২৪)।
এজাহার সূত্রে জানা যায়, রিয়া মনি বগুড়া সদর উপজেলার নাটাইপাড়ায় স্বামী পল্লবের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন। গত ২৭ সেপ্টেম্বর তিনি তাঁর প্রথম স্বামীর ঘরের সাত বছর বয়সী মেয়ে প্রিয়া মনিকে সঙ্গে নিয়ে গাবতলী থানার চাকলা গ্রামে মায়ের বাড়িতে বেড়াতে যান। দিনভর সেখানে অবস্থানের পর মেয়েকে মায়ের কাছে রেখে বিকেলে একা বের হন তিনি।
রিয়ার অভিযোগ, চাকলা থেকে ভ্যানে করে গাবতলী বাজারে যান। পরে সিএনজি অটোরিকশায় সাবগ্রামে পৌঁছান। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মন খারাপ থাকায় সাবগ্রাম থেকে একটি ইজিবাইক ভাড়া করে ঘুরতে ঘুরতে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরনীহাট-কাইনচাগাড়ি ব্রিজের প্রায় ২০ গজ পূর্ব পাশে পাকা সড়কে পৌঁছান। তখন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা।
এ সময় পাঁচ যুবক সেখানে গিয়ে তাঁর নাম-পরিচয় ও ঠিকানা জানতে চান এবং বিভিন্ন প্রশ্ন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তিনি কোনো উত্তর না দিয়ে ইজিবাইক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা দলবদ্ধভাবে ইজিবাইকের পথরোধ করেন এবং তাঁকে উদ্দেশ করে বিভিন্ন কথাবার্তা বলতে থাকেন বলে অভিযোগ করেন তিনি।
একপর্যায়ে ইজিবাইকচালক অভিযুক্তদের কথাবার্তার প্রতিবাদ করলে তাঁরা চালকের ওপর চড়াও হয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করেন বলে এজাহারে দাবি করা হয়েছে। চালককে রক্ষা করতে এগিয়ে গেলে রিয়া মনিকেও মারধর করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও বেদনাদায়ক জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা তাঁর পরনের কাপড় এলোমেলো করে শ্লীলতাহানি করেন। এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে শুরু করলে অভিযুক্তরা মামলা না করার জন্য তাঁকে ভয়ভীতি ও হুমকি দেন এবং ঘটনাস্থল থেকে চলে যেতে বলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে রিয়া ভাড়া করা ইজিবাইকযোগে দ্রুত তাঁর ভাড়া বাসায় ফিরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে তাঁর স্বামী পল্লব বাসায় ফিরলে তাঁকে ঘটনাটি বিস্তারিত জানান। পাশাপাশি মোবাইল ফোনে তাঁর দাদী কমেলা বেগমসহ নিকটজনদের বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে রিয়া ও তাঁর স্বামী ঘটনাস্থলের আশপাশে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করেন। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে গাবতলী মডেল থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন রিয়া মনি।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান জানান, এজাহারের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।