মোঃ সবুজ মিয়া,নীলফামারী
প্রকাশ: ১৬:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে দেখা যায়নি।
বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজমুল (রোল-১) ও রাহুল (রোল-১৯), চতুর্থ শ্রেণির ফয়সাল (রোল-৪) এবং পঞ্চম শ্রেণির নাজমুল সাদিক (রোল-১৫) ও আরাফাত (রোল-২৪) অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে প্রায়ই সরকারি নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়া হয়। কোনো দিন দুপুর ২টা ৩০ মিনিটে, আবার কোনো দিন ৩টা ২০ মিনিটে ছুটি দিয়ে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন,আজ দুপুর ২টা ২৫ মিনিটে স্কুল ছুটি দিয়েছি। আগের দিনগুলোতে কখন ছুটি দেওয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দিন ৩টায়, আবার কোনো দিন ৩টা ২০ মিনিটে ছুটি দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার সরকারি কোনো নিয়ম আছে কি না জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, এ ধরনের কোনো নিয়ম নেই।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফিরোজুল হাসান বলেন, “বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময় পর্যন্ত পাঠদান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।