পিরোজপুর সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য সামগ্রী প্রদান

‎জাকির ফরাজী,পিরোজপুর:

প্রকাশ: ১৭:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুর সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য সামগ্রী প্রদান

‎পিরোজপুর সদর হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন ও ডায়াবেটিক সমিতিতে রোগীদের সেবার মান উন্নয়নে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ। একই সঙ্গে সদর হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে পাঁচটি গার্বেজ ট্রলি ও একটি গার্বেজ ভ্যান দেওয়া হয়েছে।

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুস্থ দেহ, সুস্থ মন’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।
‎
‎জেলা পরিষদের পক্ষ থেকে সদর হাসপাতালে সাতটি, হার্ট ফাউন্ডেশনে দুটি এবং ডায়াবেটিক সমিতিতে একটি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। পরে সদর হাসপাতালের আরএমও ও চিকিৎসক শিশির রঞ্জনের হাতে অক্সিজেন সিলিন্ডার ও বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী তুলে দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিসিএস কর্মকর্তা শুভল চন্দ্র গোলদার।
‎
‎অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পিরোজপুর সদর হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সরকারের বরাদ্দের পাশাপাশি জেলা পরিষদও হাসপাতালের পাশে দাঁড়াতে চায়। পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতেই এসব সামগ্রী দেওয়া হয়েছে।
‎
‎তিনি বলেন, জেলা পরিষদের কাছে থাকা অক্সিজেন সিলিন্ডারের মধ্য থেকে সাতটি সদর হাসপাতাল, দুটি হার্ট ফাউন্ডেশন এবং একটি ডায়াবেটিক সমিতিকে দেওয়া হয়েছে। পাশাপাশি সদর হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার জন্য পাঁচটি গার্বেজ ট্রলি ও একটি গার্বেজ ভ্যান দেওয়া হয়েছে।
‎
‎এ সময় সদর হাসপাতালের অক্সিজেন ফ্লো ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন জেলা পরিষদ প্রশাসক। অধ্যক্ষ আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে পিরোজপুর সদর হাসপাতালে যে অক্সিজেন ফ্লো ব্যবস্থা নির্মাণ করা হয়েছিল, সেটি বর্তমানে মেরামতেরও উপযোগী নেই। সদর হাসপাতালের আরএমও, সিভিল সার্জন এবং পিডব্লিউডির প্রকৌশলীরাও তাকে জানিয়েছেন, ব্যবস্থাটি মেরামত করার মতো অবস্থায় নেই।
‎
‎এ ঘটনায় নির্মাণকাজে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার আহ্বান জানান জেলা পরিষদ প্রশাসক।
‎
‎অনুষ্ঠানে পিরোজপুর সদর হাসপাতালে চলমান ডেঙ্গু পরিস্থিতিও তুলে ধরেন অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি জানান, সদর হাসপাতালের চিকিৎসকরা ইতোমধ্যে প্রায় ৩ হাজার ডেঙ্গু রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন। পিরোজপুরের পাশাপাশি বাগেরহাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও রোগীরা চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসছেন।
‎
‎তিনি সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, রোগীর চাপ কয়েক গুণ বেড়ে গেলেও চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন।
‎
‎জেলা পরিষদ প্রশাসক বলেন, পিরোজপুরের মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের দায়িত্ব। হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের প্রয়োজনীয় সেবায় এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।
‎

আরও পড়ুন