প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক লালনকে বাড়িতে পৌঁছে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:০১, ১ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক লালনকে বাড়িতে পৌঁছে দিল পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পুলিশ হেফাজতে থাকা কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।

গতকাল (বুধবার, ৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের উপস্থিতিতে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়।

এর আগে, প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্যের অভিযোগে বুধবার সকালে শিক্ষক লালনকে হেফাজতে নেয় পুলিশ। পরে গণমাধ্যমের খবরে বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাকে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

তিনি জানান, ভিন্নমত থাকতেই পারে এবং প্রত্যেকের মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত, এটাই গণতন্ত্রের শক্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষক লালন জানান, প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে ক্লাসে মন্তব্য করা তার ভুল হয়েছে, তবে কটূক্তির উদ্দেশ্য ছিল না। পুলিশও তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি বলে জানিয়েছে ওই শিক্ষক।

আরও পড়ুন