জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২১:৩৪, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চারুকলা অনুষদের উদ্যোগে বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে উপাচার্য বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের মহাপরিকল্পনায় চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে গড়ে তোলা হবে। একই সঙ্গে বর্তমান ক্যাম্পাসেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। অনুষদের বিদ্যমান বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।
শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, চারুকলার শিক্ষার্থীরা কেবল সাধারণ শিক্ষার্থী নন, তারা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাদের সৃজনশীলতা বিকাশ ও যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জরুরি। শিল্পকর্মের মাধ্যমেই একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও ভাবনা সহজভাবে ফুটে ওঠে। তাই শিল্পচর্চার উপযুক্ত পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।
পুরান ঢাকার ঐতিহ্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক তুলে ধরে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, পুরান ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে শিল্পকর্মের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় তৈরির লক্ষ্যে প্রশাসন কাজ করছে, যাতে দেশের মানুষ চারুকলা চর্চার ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে মূল্যায়ন করে।
জাতীয় ইতিহাস ও আন্দোলন-সংগ্রামের চেতনা শিল্পকর্মে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো ঐতিহাসিক অর্জনগুলো শিল্পীদের সৃষ্টিতে স্থান পেতে হবে। জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের সাংস্কৃতিক অগ্রযাত্রায় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: