নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২১:২৮, ২৩ নভেম্বর ২০২৬

নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন, র‍্যালি ও সমাবেশ

দেশ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা, সহিংসতা ও নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। একই সঙ্গে অতীতে সংঘটিত অপকর্মের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা একটি র‍্যালি নিয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসেন। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, নৈরাজ্য চলতে থাকলে প্রত্যাশিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না। অতীতে যারা অপকর্মে জড়িত ছিলেন, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। নিজেরা নৈরাজ্য না করা এবং অন্য কাউকেও তা করতে না দেওয়ার আহ্বান জানান তিনি। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান উপাচার্য।

সমাবেশে জকসুর সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মতো কর্মকাণ্ড প্রতিহত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের আন্দোলন ছিল। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করতে কেউ নাশকতার চেষ্টা করলে ছাত্রদল তা প্রতিহত করবে।

জবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বাসে অগ্নিসংযোগসহ যেকোনো ধরনের নৈরাজ্য সম্মিলিতভাবে প্রতিরোধের আহ্বান জানান। অন্যদিকে ছাত্র অধিকার পরিষদের হাসিব ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ছাত্রশক্তির সেক্রেটারি ফেরদৌস শেখ বলেন, আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিন্ন অবস্থান থাকা প্রয়োজন। পাশাপাশি জুলাই সনদ দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি হাবিবুর রহমান বলেন, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরই শুধু নৈরাজ্য নয়; অপতথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করাও এর অন্তর্ভুক্ত। তাই এ ধরনের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউট্যাবের সভাপতি নাসির উদ্দীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “আমরা নৈরাজ্যকে না বলতে চাই, শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। যারা নৈরাজ্য সৃষ্টি করবে, এ দেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ‘বিপ্লবে বলীয়ান, ঐক্যবদ্ধ জবিয়ান’, ‘নৈরাজ্যের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন