গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ২১:৪১, ২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিএনপি নেতাকর্মীদের দলীয় কার্যালয় ও বাড়িঘরে হামলার প্রতিবাদে মুকসুদপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মুকসুদপুর উপজেলা বিএনপির কার্যালয়, পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন দলীয় কার্যালয় এবং ওয়ার্ড পর্যায়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান বলেন, মুকসুদপুর পৌরসভা ও ১৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির শতাধিক দলীয় ও ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তিনি বলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম যে কর্মসূচি ঘোষণা করবেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা বাস্তবায়নে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু বলেন, ফ্যাসিবাদের দোসররা তাদের নেতা গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে। মুকসুদপুর বাজারে লুটপাটের পাশাপাশি উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ, আমরা রাজপথে থেকে গণতান্ত্রিক পথে আগুন সন্ত্রাস ও ফ্যাসিবাদের মোকাবিলা করব। ফ্যাসিবাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না।”

সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ থেকে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন