বৈরী আবহাওয়ায় লবণ উৎপাদন ব্যাহত, সরকারি ঘোষণায় স্বস্তি

কুতুবদিয়া-কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭:০৮, ২৩ নভেম্বর ২০২৬

বৈরী আবহাওয়ায় লবণ উৎপাদন ব্যাহত, সরকারি ঘোষণায় স্বস্তি

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকাভান'র প্রভাবে বৈরি আবহাওয়ায় কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে লবণ মাঠ প্রস্তুত এবং লবণ উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন চাষিরা। চলতি বছর মৌসুমের শুরুতেই এমন পরিস্থিতি দীর্ঘায়িত হলে বড় ধরনের আর্থিক লোকসানের আশঙ্কা করছেন তাঁরা

কুতুবদিয়ার প্রত্যন্ত এলাকার লবণমাঠ ঘুরে দেখা যায়, সাধারণত নভেম্বর মাস থেকে কক্সবাজার উপকূলের বিভিন্ন এলাকায় লবণ উৎপাদন মৌসুম শুরু হয়। চলে পরবর্তী কয়েক মাস। এ সময় পর্যাপ্ত রোদ ও শুষ্ক আবহাওয়া লবণ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মৌসুমের শুরুতেই একের পর এক ঘূর্ণিঝড়ের প্রভাব ও প্রতিকূল আবহাওয়ায় বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। গত ৩০ অক্টোবর ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এবং সর্বশেষ ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় ‘আকাভান’-এর প্রভাবে উপকূলজুড়ে সপ্তাহকাল বৈরী আবহাওয়া বিরাজ করছে।

এ পরিস্থিতিতে দিনের বেশির ভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। কোথাও কোথাও হচ্ছে থেমে থেমে হালকা বৃষ্টি। ফলে লবণ মাঠ প্রস্তুত করা, মাঠে পানি শুকানো এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত রোদ না থাকায় নির্ধারিত সময়ে উৎপাদন শুরু করা যাচ্ছেনা। ফলে মৌসুমের শুরুতেই লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

কুতুবদিয়ার প্রান্তিক লবণচাষি জামাল উদ্দিন, কাদের ও রফিক জানান, প্রতিবছর লবণচাষের মৌসুম শুরুর আগেই জমি প্রস্তুত, শ্রমিক নিয়োগ ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনাসহ নানা খাতে বিনিয়োগ করতে হয়। অনেকেই ঋণ নিয়ে লবণ উৎপাদনে নামেন। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে একদিকে শ্রমিকের মজুরি, অন্যদিকে জমির খরচ ও ঋণের কিস্তি নিয়ে বাড়তি দুশ্চিন্তায় পড়েন তাঁরা। 

উপকূলীয় দ্বীপ কুতুবদিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে লবণ উৎপাদনের সঙ্গে কয়েক হাজার চাষি ও শ্রমিকের পরিবার- পরিজনের জীবন- জীবিকা জড়িত। মৌসুমের শুরুতে উৎপাদন ব্যাহত হওয়ায় তাঁরা নিজেদের উপার্জন নিয়েও কিছুটা হতাশাগ্রস্থ। দ্রুত আবহাওয়ার অনুকূল পরিবেশ তৈরি না হলে লবণ উৎপাদন, সরবারহ, বাজারজাত ও মজুদে রাস্ট্রীয়ভাবে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, শনিবার (২২ নভেম্বর) লবণমাঠে উৎপাদিত প্রতিমণ লবণ ৪৫০ টাকা মূল্য নির্ধারণ সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে চাষিদের মাঝে। এতে তাঁরা সরকারের ঘোষণাটি দ্রুত কার্যকর করে বিদেশি লবণ আমদানি বন্ধে কঠের পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা ও প্রণোদনা ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।

আরও পড়ুন