১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৮, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৬, ২৩ নভেম্বর ২০২৬

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের পরপরই এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হচ্ছে না। পুরোপুরি চালু করতে আরও ১৪ মাস সময় লাগবে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি এগিয়ে চলছে। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এরপর ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে টার্মিনালটির সীমিত পরিসরে কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, উদ্বোধনের দিন প্রথম ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরও ১৪ মাস প্রয়োজন হবে।

এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধনের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করলে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকা অর্থায়নে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করেছে। প্রকল্পটির কাজ শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। প্রায় ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত টার্মিনালটির ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার।

এর আগে গত আগস্টে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে টার্মিনালটি ব্যবহার করে। তবে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা-সংক্রান্ত সমঝোতা না হওয়ায় তখন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

সুমিতোমো করপোরেশনের নেতৃত্বাধীন জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন, সোজিতজ করপোরেশনসহ সংশ্লিষ্ট জাপানি সরকারি সংস্থা। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের আওতায় কনসোর্টিয়ামটির তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার কথা ছিল।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুই বছরের জন্য নতুন টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেওয়া হয়। এ সিদ্ধান্তের ফলে জাপানি কনসোর্টিয়ামের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট ওপেনিং অনুষ্ঠিত হয়। নতুন এই টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত হবে। পাশাপাশি কার্গো পরিবহনের সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন টার্মিনালটিতে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে।

টার্মিনালটি ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও হজ ক্যাম্পের সঙ্গে সংযুক্ত। সংশ্লিষ্টদের প্রত্যাশা, পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে এটি দেশের বিমান পরিবহন খাতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগকেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন