গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১১:২৬, ২৩ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জীবনযাত্রা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। খুলেছে সব ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণী বিতান। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে। জেলার ৬ টি অভ্যন্তরীণ রুট সহ দূরপাল্লার সব রুটে যানবাহন চলাচল করছে। 

অফিস, আদালত, ব্যাংক বীমায় স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। যথারীতি স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। শুধু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। 

এ অবস্থার মধ্য দিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া , কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসব কর্মসূচিতে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাধা দেওয়া হয়নি। 

মুকসুদপুরে  খোলা হলো আ. লীগের কার্যালয় 

গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিনের নীরবতা ভেঙে দলীয় কার্যালয় খুলে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। পরে কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।


টুঙ্গিপাড়ায় আ. লীগের বিক্ষোভ মিছিল  

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। 

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে মিছিলটি বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন শ্লোগানের মাধ্যমে পদযাত্রা করে মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা 

আওয়ামীলীগের প্রচার সম্পাদক বশার গাজী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, পৌর যুবলীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাবো। যতদিন তাকে টুঙ্গিপাড়া ফিরিয়ে আনতে না পারবো আমাদের আন্দোলন চলবে। যতই বাধা আসুক না কেন আমরা ঘরের মেয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবোই।

কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ ৮ দফা দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

গতকাল সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন। 

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল,  রুহুল আমিন খান, প্রচার সম্পাদক হান্নান শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাজহারুল আলম পান্না, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শেখ, সহ দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, যুব ও ক্রিড়া সম্পাদক সুমন হোসেন বাচ্চু, মহিলা বিষয়ক সম্পাদক লক্ষ্মী সরকার, সদস্য ফরমান মুন্সী, এস এম ইস্রাফিল, খাইরুল আলম রিপন,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল আলম খসরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তাদের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

কাশিয়ানীতে সমাবেশ

কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 

রামদিয়া আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গতকাল  সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে রামদিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলিটি রামদিয়া বাজারের বিভিন্ন সড়ক ঘুরে আওয়ামী লীগ কার্যালয়ে সামনে এসে শেষ হয়।

এছাড়া  গোপালগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যার পর ছাত্রলীগের পক্ষ থেকে শহরে  শো- ডাউন করা হয় ।

আরও পড়ুন