নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১২, ২৩ নভেম্বর ২০২৬
নিহতদের মধ্যে ব্যবসায়ী, প্রবাসী, গৃহবধূ, শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন। পারিবারিক কলহ, জমি ও পাওনা টাকা নিয়ে বিরোধ, মাদকের টাকা জোগাড় এবং ফুটবল খেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও এসব হত্যাকাণ্ড ঘটেছে।
জেলা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সূত্র জানায়, গত ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সিলেটের ১৭টি থানায় মোট ৬৭টি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে জেলা পুলিশের অধীন ১১টি থানায় ৪০টি এবং এসএমপির অধীন ছয়টি থানায় ২৭টি মামলা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি ১২টি হত্যাকাণ্ড ঘটেছে অক্টোবর মাসে। এ ছাড়া জুলাইয়ে নয়টি, জানুয়ারি ও জুনে পাঁচটি করে এবং আগস্ট, সেপ্টেম্বর ও নভেম্বরে চারটি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে গোয়াইনঘাটে, আর সবচেয়ে কম জকিগঞ্জে।
সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (অপরাধ) শংকর নন্দী মজুমদার জানান, গত ১০ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শুধু জেলা পুলিশের অধীন থানাগুলোতেই ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে।
গত ১২ আগস্ট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সিলেট চেম্বারের সাবেক পরিচালক মো. আবদুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনাকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এর আগে ১১ মে সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলায় ৬ আগস্ট প্রতিবেশী জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
এ ছাড়া ২২ মে কোতোয়ালি এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে র্যাব-৯-এর সদস্য ইমন আচার্য নিহত হন। একই দিনে জালালাবাদ এলাকায় মায়ের হাতে প্রাণ হারায় দেড় বছর বয়সী শিশু মাইমুনা জান্নাত তোহা।
পূর্ববিরোধের জেরে ২ অক্টোবর দক্ষিণ সুরমা উপজেলায় লন্ডনযাত্রার মাত্র তিন দিন আগে প্রবাসী শাহ মাহির আহমদ রাসেলকে হত্যা করা হয়। এরপর ৬ নভেম্বর একই উপজেলায় বিএনপি নেতা গেদা মিয়া ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের শিকার হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, মহানগর এলাকায় হত্যাকাণ্ডের সংখ্যা তুলনামূলক কম। তাঁর মতে, অধিকাংশ হত্যাকাণ্ড তাৎক্ষণিক উত্তেজনা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটছে; সব ঘটনা পূর্বপরিকল্পিত নয়।
তবে কিছু হত্যাকাণ্ডকে উদ্বেগজনক উল্লেখ করে তিনি বলেন, তেতলিতে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা থেকে ঘটে যাওয়া খুনগুলো উদ্বেগের বিষয়।
অন্যদিকে, সিলেট জেলার গত ১০ মাসের হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন না পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তাঁর দাবি, এ সময়ে জেলায় রাজনৈতিক কর্মী নিহত হলেও সেসব হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কারণ ছিল না। অধিকাংশ খুনের পেছনেই পারিবারিক কলহ রয়েছে।
তিনি আরও বলেন, সামান্য উত্তেজনার বশেই মানুষ অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সামাজিকভাবে সচেতন হতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ নিয়মিত এ বিষয়ে সচেতনতা তৈরির চেষ্টা করছে।
তবে হত্যাকাণ্ডের এ পরিসংখ্যানের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি সৈয়দা শিরীন আক্তার। তাঁর মতে, অনেক ঘটনা প্রকাশ্যে না আসায় প্রকৃত হত্যাকাণ্ডের সংখ্যা আরও বেশি হতে পারে।
তিনি বলেন, একের পর এক নৃশংস ঘটনায় জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তাটুকুও হারিয়ে ফেলছে। বিচারের আগেই হত্যা কিংবা ‘মব’ তৈরি করে পিটিয়ে হত্যার মতো ভয়াবহ প্রবণতা গড়ে উঠেছে।
বিএনপির সিলেট বিভাগের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, খুনসহ সাম্প্রতিক অনেক অপরাধের পেছনে পারিবারিক কলহ রয়েছে, যার মূল কারণ নৈতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ অবক্ষয় রোধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শীর্ষ সংবাদ: