আখাউড়ায় নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১০, ২৩ নভেম্বর ২০২৬

আখাউড়ায় নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তারের পর তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে থানায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ার মুখে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এতে থানার অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।

এদিকে ছায়েব আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন