টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৯:৫২, ২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড

রাজধানীর নিউ মার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেফতার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সুইডেন আসলাম এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রনি ও ভাঙ্গারী রনিসহ পলাতক আসামি এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহানসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। টিটনের সঙ্গে তাদের গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধ চলছিল বলেও তদন্তে উঠে এসেছে।

আবেদনে আরও বলা হয়, সুইডেন আসলাম জামিনে মুক্তি পেলে পলাতক ও অন্য সন্ত্রাসীদের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তার নাম ও ঠিকানা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন, ঘটনার ইন্ধনদাতা শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং পলাতক আসামিদের অবস্থান নির্ণয়ে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে, গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

আরও পড়ুন