নেত্রকোণা প্রতিনিধি:
প্রকাশ: ১৮:৩২, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌরসভার চকপাড়া এলাকার মোড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে। আটক আতিকুল ইসলাম পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল বারেক ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে নাতি মোহাম্মদ আরিকুল (২০) ও তার স্ত্রীকে নিয়ে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথে চকপাড়ার মোড়লবাড়ি সীমানাবর্তী এলাকায় পৌঁছালে পৌরসভার ইজারাদারের টোল আদায়কারী আতিকুল ইসলাম ও মো. রায়হান (৩০) সিএনজিচালক রায়হান মিয়ার কাছে ২০ টাকা টোল দাবি করেন।
এ সময় সিএনজিচালক জানান, তার কাছে খুচরা টাকা নেই, মাত্র ৫ টাকা আছে; যাত্রীদের ভাড়া নিয়ে ফেরার পথে বাকি টাকা পরিশোধ করবেন। কিন্তু টোল আদায়কারীরা তাতে রাজি হননি। একপর্যায়ে যাত্রী আব্দুল বারেক জানান, তার কাছে ১ হাজার টাকার নোট আছে; খুচরা থাকলে ২০ টাকা রেখে বাকি টাকা ফেরত দিতে বলেন তিনি।
অভিযোগ রয়েছে, তখন টোল আদায়কারীদের একজন ১ হাজার টাকার নোটটি নিয়ে কোনো কথা না বলে চলে যান। পরে আব্দুল বারেক ও তার নাতি আরিকুল টোলের টাকা রেখে বাকি টাকা ফেরত চাইলে টোল আদায়কারীরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে আব্দুল বারেককে লাথি ও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন করিম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুলকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর একজন পালিয়ে গেছেন। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শীর্ষ সংবাদ: