ধামরাইয়ের রাজাপুরের কৃতি সন্তান অভিনেতা সোহেল খান আর নেই

ধামরাই প্রতিনিধি 

প্রকাশ: ১৮:২৫, ২৪ নভেম্বর ২০২৬

ধামরাইয়ের রাজাপুরের কৃতি সন্তান অভিনেতা সোহেল খান আর নেই

ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃতি সন্তান ও অভিনেতা সোহেল খান আর নেই। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

জানা গেছে, বগুড়ার হোটেল মম ইন থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বের হওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত ছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিকে, অভিনেতা সোহেল খানের মরদেহ তাঁর নিজ গ্রাম ধামরাইয়ের রাজাপুরে নেওয়া হয়েছে। সেখানে 
মাগরিব নামাজের সময় তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজাপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

কান্না আর শোকের আবহে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় রয়েছেন গ্রামের মানুষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন