মরুভূমির দেশ কুয়েতে প্রথমবার বাসমতি ধান চাষে সাফল্য

কুয়েত প্রতিনিধি:আহমেদ রবিন

প্রকাশ: ১৭:২৪, ২৪ নভেম্বর ২০২৬

মরুভূমির দেশ কুয়েতে প্রথমবার বাসমতি ধান চাষে সাফল্য

তীব্র রোদ আর ধু-ধু মরুভূমির দেশ কুয়েতের কৃষিক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে চাষ করা হয়েছে সুগন্ধি বাসমতি চাল। কুয়েতের দক্ষিণাঞ্চলীয় কৃষি এলাকা আল-ওয়াফরার একটি পরীক্ষামূলক প্রকল্প থেকে প্রায় ৩ টন (৩,০০০ কেজি) চাল উৎপাদিত হয়েছে। 

প্রচণ্ড দাবদাহ আর প্রতিকূল আবহাওয়াকে জয় করে অর্জিত এই সাফল্য কুয়েতের স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা জোরদার করার পথে এক বিশাল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় দৈনিক ‘আল-রাই’-এর প্রতিবেদন অনুযায়ী, এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে থাকা কৃষিবিদ শাবিব আল-আজমি জানান, গত জুলাই মাসের শুরুতে আল-ওয়াফরার প্রায় ৫,০০০ বর্গমিটার জমিতে পরীক্ষামূলকভাবে মাত্র ৩০ কেজি ধানের বীজ বপন করা হয়েছিল।

 চাষের পুরো সময়জুড়ে ফসলটিকে পাখির উপদ্রব এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার জন্য বিশেষ ও আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

কৃষিবিদ আল-আজমি আরও জানান, গ্রীষ্মের তীব্র তাপমাত্রার কারণে ধানের বৃদ্ধি ও ফলন ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা ছিল। 

যে মরুভূমিতে তাপমাত্রা প্রায় ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, সেখানে ধান চাষ করা ছিল এক বড় চ্যালেঞ্জ। 

তবে সব শঙ্কা ও প্রতিকূলতা কাটিয়ে শেষ পর্যন্ত ৩,০০০ কেজি চাল উৎপাদিত হয়েছে, যা তাদের প্রাথমিক প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্টদের মতে, এই ধান চাষ থেকে বহুমুখী অর্থনৈতিক ও পরিবেশগত সুবিধা পাওয়া সম্ভব। যেমন—ধানের তুষ জমির উর্বরতা বৃদ্ধিতে উন্নত মানের জৈব সার হিসেবে এবং অবশিষ্ট খড় ও গাছপালা গবাদি পশুর পুষ্টিকর খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে।

কুয়েতের এই সাফল্যের পেছনে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের (UAE) পূর্ববর্তী ধান চাষের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান দারুণভাবে কাজে লেগেছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন শাবিব আল-আজমি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, তাদের পরবর্তী লক্ষ্য হলো কুয়েতের অন্যান্য কৃষি অঞ্চলেও বাসমতি চালের চাষ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া এবং এর পাশাপাশি বিশ্বের অন্যতম মূল্যবান মসলা ‘জাফরান’ চাষের উদ্যোগ নেওয়া।

এদিকে, মরুর বুকে সোনালি ধান ও বাসমতি চাল উৎপাদনের এই খবর ছড়িয়ে পড়ার পর কুয়েতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।

 সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই সাফল্যের ছবি ও তথ্য শেয়ার করে কুয়েত সরকার ও সংশ্লিষ্ট কৃষিবিদদের অভিনন্দন জানাচ্ছেন। প্রবাসীদের মতে, মরুভূমির তীব্র তাপমাত্রায় এমন সাফল্য সত্যিই বিস্ময়কর এবং এটি ভবিষ্যতে কুয়েতের কৃষি খাতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলে দেবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন