হাতে বেতন দেওয়ার দিন শেষ, কুয়েতে মালিকদের সতর্কবার্তা

কুয়েত প্রতিনিধি: আহমেদ রবিন 

প্রকাশ: ১৮:১৮, ২২ নভেম্বর ২০২৬

হাতে বেতন দেওয়ার দিন শেষ, কুয়েতে মালিকদের সতর্কবার্তা

কুয়েতে কর্মরত প্রবাসী ও  শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (PAM)।

 এখন থেকে কোনো শ্রমিককে নগদ বা হাতে হাতে বেতন দেওয়া যাবে না। প্রতিটি প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে শ্রমিকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাঠাতে হবে।

কুয়েত ম্যানপাওয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং বেতন সংক্রান্ত যেকোনো অনিয়ম রোধ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। 

নিয়োগকর্তা বা কোম্পানি মালিকরা যদি এই নিয়ম অমান্য করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বেতন পরিশোধ না করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিয়মিত তদারকি ও ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলোর বেতন প্রদানের তথ্য যাচাই করা হচ্ছে।

 কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নগদ অর্থ প্রদানের প্রমাণ মিললে বা বেতন আটকে রাখার অভিযোগ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের ফাইল স্থগিত করাসহ জরিমানা ও আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।

প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় কুয়েত সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 এর ফলে প্রবাসী কর্মীরা সময়মতো ও নিরাপদে তাদের কষ্টার্জিত অর্থ হাতে পাবেন।

এবং কোনো ধরনের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন