নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, রেলওয়ের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭:৪৭, ২২ নভেম্বর ২০২৬

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, রেলওয়ের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

বাংলাদেশ রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষায় নম্বরপত্র জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রার্থীকে চাকরি দেওয়ার ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়া। আদালত ইউসুফ আলী মৃধাকে পৃথক ধারায় দুই বছর এবং গোলাম কিবরীয়াকে পৃথক ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি সরোয়ার হোসেনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও তথ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে ইউসুফ আলী মৃধা পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ১০৯টি আবেদন যাচাই-বাছাই শেষে ৭০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৩৭ জন অংশ নেন। খাতা মূল্যায়ন শেষে চারজন প্রার্থী উত্তীর্ণ হন।
অভিযোগ অনুযায়ী, পরীক্ষকদের দেওয়া মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে গোলাম কিবরীয়া নিজেই একটি জাল নম্বরপত্র তৈরি করেন। পাশাপাশি মূল নম্বরপত্রে ঘষামাজা ও ওভাররাইটিং করে নম্বর পরিবর্তন করা হয়।

দুদকের তদন্তে দেখা যায়, পরীক্ষার্থী মো. ইব্রাহিম খলিলের প্রাপ্ত ৪৬ নম্বর ঘষামাজা করে ৪০ করা হয়। অন্যদিকে চাকরি পাওয়া প্রার্থী মো. সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষাসহ মোট নম্বরে এগিয়ে যান সরোয়ার। পরে তার নিয়োগের সুপারিশে তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা অনুমোদন দেন।
এ ঘটনায় ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন