শেখ হাসিনা না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা আ.লীগের

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮:৩০, ২২ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা না ফেরা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা আ.লীগের

সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থাকলেও রোববারের চিত্র ছিল ভিন্ন। জেলার তিন উপজেলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মুকসুদপুরে বিএনপির অবস্থান এবং কোটালীপাড়ায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের কথা জানিয়েছে বিএনপি। পাশাপাশি সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশের স্বাভাবিক কার্যক্রমে ফিরছে জনজীবন।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ড মাল্টিপারপাস মার্কেট এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সড়ক হয়ে মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে নেতাকর্মীরা বলেন, তিনি দেশে না ফেরা পর্যন্ত তাঁদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

একই দাবিতে কোটালীপাড়া,  কাশিয়ানী ও মুকসুদপুরেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। মুকসুদপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা অবস্থান নেন। অন্যদিকে সোনালী ব্যাংক মোড়ে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সকালে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সোনালী ব্যাংক মোড়ে অবস্থান নিয়েছেন। তবে কোনো ধরনের সহিংসতা বা রাজনৈতিক বিরোধ দেখা দেয়নি।

কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার বলেন, বিএনপির নেতাকর্মীরা এলাকাতেই রয়েছেন। কোনো ভীতিকর পরিবেশ নেই। জেলার অন্যান্য উপজেলার তুলনায় কোটালীপাড়ার পরিস্থিতি খুবই ভালো। এখানকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সহনশীল।

তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয় আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। আমরা কোনো সহিংস রাজনীতিতে বিশ্বাসী নই।’

এদিকে রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়। পরিবর্তে গণমাধ্যমকর্মীদের কাছে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে জেলার জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে সংঘটিত সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবি জানানো হয়। পাশাপাশি সব রাজনৈতিক দলের সহাবস্থান, শান্তিপূর্ণ পরিবেশ এবং সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দারা যেন জেলার রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো ধরনের হয়রানি বা বৈষম্যের শিকার না হন, সে আহ্বানও জানানো হয়। নাগরিক অধিকার ও কর্মসংস্থানের নিশ্চয়তা চেয়েছে জেলা আওয়ামী লীগ।

অন্যদিকে বিকেল ৩টায় কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জেলার জনজীবনেও ফিরছে স্বাভাবিকতা। কোটালীপাড়া কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান জানান, রোববার থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। জেলার সরকারি অফিসগুলোতেও স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, থানা পুলিশ স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ঘটনায় সেবা ৯প্রত্যাশীদের সহযোগিতা দেওয়া হচ্ছে।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, থানায় স্বাভাবিক পরিবেশে ভুক্তভোগীদের জিডি ও অভিযোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত পুলিশি টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে মুকসুদপুর ও টুংগীপাড়া থানা এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের দাবি, থানা এলাকায় কোনো পুলিশ সদস্য অবস্থান করছেন না।

সাম্প্রতিক সহিংসতার পর গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনার আশঙ্কা থাকলেও রোববারের কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মাঠপর্যায়ে সক্রিয়তা এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হওয়ার মধ্য দিয়ে জেলায় ধীরে ধীরে ফিরছে স্বস্তি। তবে এই শান্তিপূর্ণ পরিবেশ কতটা স্থায়ী হয়, তা নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর সহনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের ওপর এমনটাই মনে করছেন সাধারণ জনগণ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন