ভালুকায় গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮:৩৩, ২২ নভেম্বর ২০২৬

ভালুকায় গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক সভা

ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্ষমতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মেদুয়ারী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রাসেল মাহমুদ, ইউপি সদস্যরা, ইমাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মো. মশিউর রহমান বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রাসেল মাহমুদ বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও সদস্যদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা গ্রহণে উৎসাহিত করতে হবে।

ইউপি সদস্য মোবারক বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি হলে সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমে। এ কার্যক্রম আরও গতিশীল করতে জনপ্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সভাপতির বক্তব্যে মো. ওমর ফারুক রহমান বলেন, গ্রাম আদালতকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য ও কার্যকর করে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনপ্রতিনিধি, কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাম আদালতের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করা, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট ব্যক্তিদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন