মো: রেদোয়ান কবির রিফাত :
প্রকাশ: ১৮:২১, ২২ নভেম্বর ২০২৬
গাড়ির দখলে থাকা দুবাইয়ের ব্যস্ততম সড়ক শেখ জায়েদ রোড পরিণত হলো বিশাল রানিং ট্র্যাকে। হাজার হাজার প্রবাসী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকের অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত 'দুবাই রান ২০২৬'।
দুবাই ফিটনেস চ্যালেঞ্জের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ।
রোববার ভোর থেকেই শেখ জায়েদ রোডে জড়ো হতে থাকেন অংশগ্রহণকারীরা। সকাল সাড়ে ৬টায় শুরু হয় এবারের আয়োজন।
অংশগ্রহণকারীদের জন্য ছিল ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটারের দুটি আলাদা রুট।
৫ কিলোমিটারের রুটটি ছিল পরিবার ও নতুন দৌড়বিদদের জন্য। আর ১০ কিলোমিটারের রুটে অংশ নেন দীর্ঘ দূরত্বের দৌড়প্রেমীরা।
এবারের আয়োজনে আকাশে প্যারামোটর ওড়ার মনোমুগ্ধকর প্রদর্শনী বাড়িয়ে দেয় উৎসবের আমেজ। সবুজ ও নীল ধোঁয়ার ট্রেইল তৈরি করে আকাশে ভিন্নমাত্রার সৌন্দর্য।
আয়োজকদের এই উদ্যোগের মূল লক্ষ্য, প্রতিদিনের জীবনে শারীরিক ব্যায়াম ও সুস্থ জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা।
উল্লেখ্য, গত বছর দুবাই রানে অংশ নিয়েছিলেন রেকর্ড ৩ লাখ ৭ হাজারেরও বেশি মানুষ। এবারের অংশগ্রহণকারীর চূড়ান্ত সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
শুধু একটি দৌড় নয়, বরং সুস্থতা, ঐক্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে দুবাই রান।
দুবাইয়ের এই আয়োজন আবারও প্রমাণ করল, সুস্থ জীবন গড়তে একসঙ্গে এগিয়ে আসতে পারে পুরো একটি শহর।
শীর্ষ সংবাদ: