ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: ১৮:২৬, ২২ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে প্রধান আসামি মো. জাবেদের বাড়িতে তল্লাশি চালিয়ে। তাঁর বসতঘরের বাঁশের চাটাইয়ের তৈরি সিলিংয়ের ওপর একটি কালো ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ৫ লাখ ৩০ হাজার টাকা। বাকি দুই লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা-পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লিচিকিৎসক বাবুল দাশ (৫৩)। পরে তাঁদের কাছে থাকা শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত দুইটার দিকে চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে আটক করা হয়। পরদিন ১৬ অক্টোবর বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে তিন হাজার টাকা উদ্ধার করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে প্রধান আসামি জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে ঘরের সিলিংয়ের ওপর লুকানো কালো ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার সাতজন হলেন—মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা-পুলিশের একটি বিশেষ দল ধারাবাহিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে।
শীর্ষ সংবাদ: