শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যর্পণ: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৩, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫৮, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যর্পণ: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন—সেই আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে যদি আসতে চান—তা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি আবারও বলছি, এই কথাগুলো আমরা কনফার্ম করতে চাই—হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে নয়। এই আলোচনা আমাদের সঙ্গে ইন্ডিয়ার।’

শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তাঁর সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারতে) ওখানে আছেন। তিনি শুধু অ্যাকিউজড (অভিযুক্ত) নন, বরং কনভিক্টেড (দণ্ডপ্রাপ্ত)। তাঁর ওপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে এটি কোনো প্রাথমিক অভিযোগ না। সুতরাং, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন—কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।

নিজের দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার বক্তব্যকে ‘রাজনৈতিক ধোঁয়াশা’ আখ্যা দিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনা মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে, তিনি আসলে অনেক কিছু, তাঁর সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। যেটা আমরা আগেও বলেছি—ইটস আ ব্লাফ টু দ্য পলিটিক্যাল পিপল। তাঁর যারা দল আছে, দলের লোকজন আছে, তাঁদের তিনি এভাবেই দেখাতে চাইছেন।’

ভারতে থাকা আওয়ামী লীগ নেতাদের আপত্তিকর বক্তব্য ও বাংলাদেশের প্রতিক্রিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ অফিশিয়ালি এটার কোনো প্রতিবাদ জানিয়েছে কি না, তা আমার জানা নেই। তবে আমি আগেও বলেছি, (ভারতীয়) মিডিয়া (গণমাধ্যম) তো না হয় এক ধরনের স্বাধীন (ইনডিপেনডেন্ট) বিষয়, কিন্তু যখন সরকারে থাকা মানুষজন এই ধরনের বক্তব্য দেয়, সেটা আমাদেরও নজরে এসেছে। আমরা প্রত্যাশা (এক্সপেক্ট) করব, তাঁদের জায়গা থেকে এই ধরনের বক্তব্য দেওয়া থেকে তাঁরা বিরত থাকবেন।’

দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে জাহেদ উর রহমান আরও বলেন, ‘প্রায়ই আগে আমাদের শোনানো হতো যে বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। এই কথাটা ওই দিক থেকেও সত্য। আমরা যেমন পাল্টাতে পারি না, তাঁরাও পারেন না। সুতরাং, আমাদের দুই দেশের ইতিবাচকভাবে সম্পৃক্ত (পজেটিভলি এনগেজ) হওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। এ ধরনের মন্তব্য সম্পর্ককে চাপে ফেলার সম্ভাবনা তৈরি করে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন