আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০:৫৬, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি ব্যবহার করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়।
তবে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে অনুরোধ জানানো হয়েছে, তা ভারত এখনো পর্যালোচনা করছে বলে জানান তিনি। জয়সওয়াল বলেন, ভারতের প্রচলিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে এর বেশি বিস্তারিত জানাননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে বাংলাদেশের সরকার তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁকে দেশে ফিরতে হলে ভারতের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আদালতের রায়ের পরও এ দাবি পুনর্ব্যক্ত করা হয়।
অন্যদিকে, ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে মামলার অভিযোগ ও রায় প্রত্যাখ্যান করে আসছেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ ঘিরে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সূত্র: রয়টার্স
শীর্ষ সংবাদ: