হাসিনার ফেরার পথ খুঁজতে আরেক সীমান্তে আ.লীগ নেতারা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০:৪৮, ২৫ নভেম্বর ২০২৬

হাসিনার ফেরার পথ খুঁজতে আরেক সীমান্তে আ.লীগ নেতারা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সফর করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। সফরকালে তাঁরা বাংলাদেশ-ভারত সীমান্তের আগরতলা স্থলবন্দর পরিদর্শন করেন। বাংলাদেশের অংশে এই স্থলবন্দরটি আখাউড়া স্থলবন্দর নামে পরিচিত।

কলকাতা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বুধবার (২৫ নভেম্বর) দুপুর পর্যন্ত আওয়ামী লীগের নেতারা বিমানে করে আগরতলায় পৌঁছান। ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের একটি প্রতিনিধিদল আগরতলা-আখাউড়া সীমান্তসহ দেশে ফেরার সম্ভাব্য বিকল্প পথগুলো পর্যালোচনা করছেন বলে জানা গেছে।

এর আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর পথ খুঁজতে গত ২২ নভেম্বর পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ক্রসিং পরিদর্শনে যান তার দলের শীর্ষস্থানীয় চারজন নেতা। বাংলাদেশ অংশে এই সীমান্ত ক্রসিংয়ের নাম বেনাপোল। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

এই ঘটনাটি বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এশিয়া পোস্ট নিশ্চিত হয় যে, ওই প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

আওয়ামী লীগের নেতারা সেদিন সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে রওনা হন। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তারা।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন নেতারা। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন তারা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি আগরতলা-আখাউড়া সীমান্ত পারাপারসহ ত্রিপুরার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশের বিকল্প পথগুলো খতিয়ে দেখতে পারে। এ জন্য মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্তে যাওয়ার পথটিও তারা পর্যালোচনা করবেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। অন্যদিকে, ওই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পৃথক একটি মামলায় বাহাউদ্দিন নাছিমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন