অশান্ত খুলনা: ১০ ঘণ্টায় ৬ স্থানে গুলি, প্রাণ গেল এক আ. লীগ নেতার

খুলনা প্রতিনিধি: 

প্রকাশ: ০৯:৪১, ২৫ নভেম্বর ২০২৬

অশান্ত খুলনা: ১০ ঘণ্টায় ৬ স্থানে গুলি, প্রাণ গেল এক আ. লীগ নেতার

খুলনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত ছয়টি পৃথক স্থানে গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেটে গুলিতে নিহত হন ঘের ব্যবসায়ী ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম (৪৫)।

দিনের শুরুতে সদর থানার বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী সাইদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর লবণচরার মোহাম্মদীয়া পাড়ায় পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি এবং মজিদ সরণির পালংকি রেস্টুরেন্টে গুলির ঘটনা ঘটে। সন্ধ্যায় আড়ংঘাটার শলুয়া স্লুইচগেটে পানুর চায়ের দোকান লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। সর্বশেষ রাত ৯টার দিকে পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।

রেস্টুরেন্ট ও পরিবহন ব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনায় চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চায়ের দোকানে গুলির সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন উপস্থিত লোকজন। নিহত আবদুল হালিম ছাড়া অন্য ঘটনাগুলোতে হতাহতের খবর পাওয়া যায়নি, পশ্চিম টুটপাড়ার ঘটনায় হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গত সাড়ে ১০ মাসে খুলনা মহানগরীতে ৪০টি হত্যাকাণ্ড ঘটেছে, গুলিতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। চাঁদার দাবিতে পাঁচটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন