ঈশ্বরদীতে গুলির ঘটনার পর যুবলীগ নেতার বাড়িতে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: 

প্রকাশ: ১০:১৪, ২৪ নভেম্বর ২০২৬

ঈশ্বরদীতে গুলির ঘটনার পর যুবলীগ নেতার বাড়িতে আগুন

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এর কয়েক ঘণ্টা পর রাতের কোনো এক সময়ে সাঁড়া গোপালপুরে অবস্থিত তাঁর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন চৌধুরী আগে থেকেই আত্মগোপনে রয়েছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, ঘটনার খবর পেয়ে পাবনা সদরের অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
 

আরও পড়ুন