ধুনট (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: ২২:৪৭, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আসামি মিলন হোসেনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মিলন হোসেন ওই গ্রামের ওসমান গনির ছেলে। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা বলে জানা গেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে মিলনের পরিবারের সদস্যরা প্রায় ২২ বছর ধরে ঢাকায় বসবাস করেন। তবে তিন বছর ধরে মিলন গ্রামের বাড়িতে অবস্থান করে বাড়ির পাশে একটি মুদি দোকান পরিচালনা করতেন। তিনি বাড়িতে একাই থাকতেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিবেশী শিশুটি মিলনের দোকানে চিপস কিনতে যায়। এ সময় কৌশলে শিশুটিকে দোকানঘরের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে মিলনের বিরুদ্ধে। একপর্যায়ে শিশুটি তাঁর হাতে কামড় দিয়ে আত্মরক্ষা করে সেখান থেকে বেরিয়ে বাড়িতে ফিরে যায়। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়।
শিশুটির কাছ থেকে ঘটনা জানার পর সন্ধ্যার দিকে তার স্বজন ও স্থানীয় প্রতিবেশীরা মিলনের দোকানে গিয়ে তাঁকে গণধোলাই দেন। পরে তাঁকে ধুনট থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাঁর দোকানঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মিলন হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি মিলন হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শীর্ষ সংবাদ: