পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে নৃশংস হত্যা

শিবপুর প্রতিনিধি:

প্রকাশ: ২২:৩৬, ২৪ নভেম্বর ২০২৬

পেছন থেকে মাথায় গুলি করে দিনমজুরকে নৃশংস হত্যা

নরসিংদীর শিবপুরে আলম মিয়া (৩৫) নামের এক দিনমজুরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আলম মিয়া বংপুর গ্রামের মৃত আফসার উদ্দিন ভুইয়ার ছেলে। দুই শিশু সন্তানের জনক আলম কাঠ কাটা ও রাজমিস্ত্রীর কাজসহ বিভিন্ন দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত বংপুর গ্রামের সড়কে আলম মিয়ার পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় আশপাশে কয়েকজন স্থানীয় ব্যক্তি থাকলেও হামলার পর আতঙ্কে কেউ এ বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

নিহতের স্বজনদের দাবি, সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসী আলম মিয়াকে হত্যার হুমকি দিয়েছিল। তবে কী কারণে বা কোন বিরোধের জেরে ওই হুমকি দেওয়া হয়েছিল, তা স্পষ্ট করে জানাতে পারেননি তারা।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ওসি মো. কোহিনূর মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন