গাজীপুরে এসআরবির ৩ টি পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ আটক ৪

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশ: ০০:০০, ২৬ নভেম্বর ২০২৬

গাজীপুরে এসআরবির ৩ টি পৃথক অভিযানে ৭১ কেজি গাঁজাসহ আটক ৪

গাজীপুরের টঙ্গী পূর্ব ও পূবাইল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। গত ২৪ ও ২৫ নভেম্বর পৃথক তিনটি অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।

এসআরবি-১ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-৩, সিপিসি-১ ও সিপিসি-২-এর পৃথক আভিযানিক দল এসব অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে ২৪ নভেম্বর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে গাজীপুরের পূবাইল থানাধীন মীরের বাজার ফ্লাইওভারের পূর্ব পাশে কালীগঞ্জ সড়কে চেকপোস্ট বসায় এসআরবি-১-এর সিপিসি-৩-এর একটি দল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী হেলালের (৩৮) কাছে থাকা দুটি ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করা মাদকসহ পূবাইল থানায় হস্তান্তর করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ২৫ নভেম্বর রাত ১টা ৫৫ মিনিটে টঙ্গী পূর্ব থানা এলাকায়। এসআরবি-১-এর সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন শেখ সানি (৩৮), মো. আশিক মিয়া (২৪) এবং ১৩ বছর বয়সী এক শিশু।

পরে অটোরিকশাটিতে তল্লাশি করে পেছনের অংশে বিশেষভাবে তৈরি স্টিলের বাক্স থেকে ১৩টি প্যাকেটে মোড়ানো ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় অপ্রাপ্তবয়স্ক একজন থাকায় তার বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা জানানো হয়েছে। আটক ব্যক্তিদের উদ্ধার করা মাদক ও অটোরিকশাসহ টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।

একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে তৃতীয় অভিযানটি চালায় এসআরবি-১-এর সিপিসি-২-এর একটি দল। টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া ঈদগাহ জামে মসজিদসংলগ্ন বিসমিল্লাহ টেলিকমের সামনে অভিযান চালানোর সময় ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে।

এসআরবি-১ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং মাদক কারবারে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন