কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩:৫৫, ২৫ নভেম্বর ২০২৬

কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী এবং দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এ সময় এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যের সংশ্লিষ্টতার তথ্যও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ছিনতাইকারী গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মুসা ওরফে জাহাঙ্গীর ওরফে আবু মুসা (৪১) নামে এক ব্যক্তিকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার সদর উপজেলার বায়তুশ শরফ সংলগ্ন বইল্যাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং একটি ওয়ারেন্টও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া অভিযানে ১৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের পাশাপাশি উখিয়া ও বান্দরবানের আলীকদম এলাকার বাসিন্দারাও রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাও রয়েছে।
অন্যদিকে, অভিযানে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন