ময়মনসিংহে এসআরবির অভিযানে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৯, ২৫ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে এসআরবির অভিযানে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে শেরপুর সদর থানায় দায়ের করা ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলার পলাতক আসামি মোঃ হাসেম মিয়া (৫০) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরিষা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

এসআরবি-১৪-এর সিপিসি-১, জামালপুর ও সিপিএসসি, ময়মনসিংহের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি গ্রেপ্তার হাসেম মিয়ার মামাতো ভাইয়ের মেয়ে। গত ১৪ সেপ্টেম্বর শিশুটির বাবা মেয়েকে চিকিৎসকের কাছে দেখানোর পর আসামির আমন্ত্রণে তাঁর ভাড়া বাসায় বেড়াতে যান। পরে আসামি ও তাঁর স্ত্রীর অনুরোধে শিশুটিকে সেখানে রেখে তিনি বাড়িতে ফিরে যান।

অভিযোগ অনুযায়ী, ওই দিন রাত ৮টার দিকে আসামির স্ত্রী কেনাকাটার জন্য বাজারে গেলে বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন হাসেম মিয়া। পরদিন সকাল ১০টার দিকেও তিনি একই ঘটনা ঘটান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির বাবা মোঃ মহসীন আলী বাদী হয়ে শেরপুরের বিজ্ঞ শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালে পিটিশন দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৮ অক্টোবর শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা করা হয়।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার হাসেম মিয়াকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন