গাজীপুরে মজুরি প্রত্যাখ্যান, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১

গাজীপুর জেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭:২৮, ২৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে মজুরি প্রত্যাখ্যান, শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১১

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গাজীপুরে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। অবরোধ তুলে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগিয়ে গেলে কয়েক দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ ও আনসারের অন্তত ১১ সদস্য আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও নাওজোড় এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে এসে আন্দোলনে অংশ নেন। তাঁদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে টঙ্গীসহ মহানগরীর অন্যান্য এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নতুন করে অবরোধ করেন শ্রমিকেরা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচ আনসার সদস্য আহত হন। এছাড়াও মহানগরীর মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আরও এক পুলিশ সদস্য আহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, সংঘর্ষে আহত পুলিশ ও আনসার সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে বুধবার ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন