কোম্পানীগঞ্জ নোয়াখালী
প্রকাশ: ১৭:৫৫, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদ্রাসাটির চার শিক্ষার্থী তরিকুল ইসলাম, সফিকুল ইসলাম (দুই ভাই), রাপছান এবং আবদুল্লাহ ইবনে হুসাইন তাওহিদ মিলে মাদ্রাসা থেকে পালানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, দড়ির সাহায্যে ভবন থেকে নামতে গিয়ে তিন শিক্ষার্থী পালাতে সক্ষম হলেও তাওহিদের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। দড়ি ছিটকে সে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দড়িসহ উদ্ধার করেন।
আহত তাওহিদকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। তার ডান পায়ের একটি হাড় ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীকে কে বা কারা হাত-পা বেঁধে ভবন থেকে ফেলে দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। তবে আহত শিক্ষার্থীর বাবা মো. আনোয়ার হোসেন জানান, তার ছেলে স্বীকার করেছে, তারা নিজেরাই পরিকল্পনা করে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করেছিল। এ সময় দড়ি বেয়ে নামতে গিয়ে তাওহিদ নিচে পড়ে আহত হয়।
মাদ্রাসার পরিচালক ও শিক্ষক কুতুব উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। পরে তাওহিদকে সঙ্গে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, তাওহিদ বর্তমানে আশঙ্কামুক্ত।’
ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং উদ্ধার হওয়া তিন শিক্ষার্থীর বক্তব্য অনুযায়ী, চার শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পালাতে সক্ষম হলেও দড়ি ছিটকে পড়ে তাওহিদ আহত হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজের তথ্য সামনে আসায় প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা গেছে।
শীর্ষ সংবাদ: