যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৭:০০, ২৬ নভেম্বর ২০২৬

যশোর-নড়াইল মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

যশোর-নড়াইল মহাসড়কে উঠতে গিয়ে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তপন রায় (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত তপন রায় যশোরের বাঘারপাড়া উপজেলার কিসমতমাহমুদপুর গ্রামের অজিত রায়ের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়ি থেকে ভ্যান চালিয়ে নড়াইলের চাঁচড়া এলাকায় ধান আনতে আসছিলেন তপন। পথিমধ্যে গ্রামের সংযোগ সড়কের ঢাল বেয়ে ভ্যানটি নিয়ে মহাসড়কে ওঠার মুহূর্তে যশোর থেকে নড়াইলগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান তিনি। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে পালিয়ে যান চালক। তবে যানটি (যশোর-ট-১১৫৬০১) জব্দ করেছে পুলিশ।

তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন