জয়পুরহাটে এসআরবির অভিযানে ১৩ মামলার আসামি রনজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:১৯, ২৭ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে এসআরবির অভিযানে ১৩ মামলার আসামি রনজু গ্রেপ্তার

জয়পুরহাটের সদর উপজেলার দক্ষিণ জামালপুর এলাকা থেকে ১৩টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো. রনজু সরকারকে (৩৩) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর বসতবাড়ি থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তাজা গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানার দক্ষিণ জামালপুরের দাদরা দুধিয়াপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার রনজু সরকার ওই গ্রামের মিন্টু সরকারের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, রনজু সরকারের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, অপহরণ ও চাঁদাবাজি, সন্ত্রাসবিরোধী আইন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। তাঁর হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি তাজা গুলি, একটি গুলির খোসা এবং সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগে পাঁচটি মুঠোফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন