কিশোরগঞ্জে এসআরবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:১৯, ২৭ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে এসআরবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদর থানা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করে ১,৮২৫ (এক হাজার আটশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল। 

অভিযানের বিবরণ:

২৬ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ দুপুর আনুমানিক ১৫:৩০ ঘটিকায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জ এর একটি বিশেষ আভিযানিক দল কিশোরগঞ্জ সদর থানাধীন চৌদ্দশত ইউনিয়নের চৌদ্দশত বোর্ড বাজার সংলগ্ন ‘চৌদ্দশত ঈদগাহ মাঠ’ এর পূর্ব পাশে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত অভিযান পরিচালনা করছিল। তল্লাশির একপর্যায়ে ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। সিএনজিটি থামার পর ভেতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদকালে পেছনের সিটের ডান পাশে বসা একজন নারী এবং সামনের বাম পাশে বসা একজন পুরুষ যাত্রীর আচরণ ও কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এবং নারী সদস্যের মাধ্যমে যথাযথ শালীনতা বজায় রেখে তল্লাশি চালালে তাদের হেফাজত থেকে দেখানো ও বাহির করে দেওয়া মতে মোট ১,৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন (সিমসহ) উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:

১. নয়ন তারা (৪৫), জেলা- ব্রাহ্মণবাড়িয়া। (তার হাতে থাকা মেরুন রঙের লেডিস হ্যান্ডব্যাগ থেকে ৫টি এয়ারটাইট পলিপ্যাকে মোট ১,২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।)

২. আলাল মিয়া (৪৮), জেলা- ব্রাহ্মণবাড়িয়া। (তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৩টি এয়ারটাইট পলিপ্যাকে মোট ৫৭৫ পিস ইয়াবা এবং বাম পকেট থেকে ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।) 

তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রীবেশে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। 

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন