পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪:৫৩, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৫৫, ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে জানান সাব্বির। তার বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়।
সাব্বিরের অভিযোগ, ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনে পিরোজপুর আসার পথে প্রায় ২০ জনের একটি দল বাস থামিয়ে তাকে নামিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তার মুঠোফোন ও প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
একপর্যায়ে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে অন্য বাসে পিরোজপুরে পৌঁছান তিনি। রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
খবর পেয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ নেতাকর্মীরা হাসপাতালে যান। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকও ভিডিও কলে তার খোঁজ নেন।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শীর্ষ সংবাদ: