নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ২০:৫১, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসজুড়ে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বীকৃত কোনো দেশে গণহত্যা চালিয়ে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করেছে, নিজ দেশের মানুষকে হত্যা করেছে, তারা আর কখনো দেশে রাজনীতি করতে পারেনি, ফিরতে পারেনি। পতিত ফ্যাসিবাদী শক্তি তারাও ফিরতে পারবে না, এ দেশে কোনো দিন রাজনীতি করতে পারবে না।
তিনি বলেন, তাদের রাজনৈতিক চরিত্রে কখনো গণতন্ত্র ছিল না। স্বাধীনতার পর থেকে তাদের ইতিহাসে একনায়কতন্ত্র ও স্বৈরতন্ত্রের চর্চা ছিল। তারা একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে চেয়েছিল। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়েও বাংলাদেশে একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল। তবে জনগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যারা গণহত্যার জন্য দায়ী, প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুসারে ব্যক্তি ও সংগঠন হিসেবে তাদের বিচার করা হবে।
তিনি আরও বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও চার্জশিট দেওয়া হবে। এরপর আদালত আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবে। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুসারেই ওই রাজনৈতিক শক্তির ভাগ্য নির্ধারিত হবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, অনেকে রাজনীতিতে অস্থিরতার কথা বললেও তিনি কোনো অস্থিরতা দেখছেন না। রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক পতিত ফ্যাসিবাদী শক্তি গণ-অভ্যুত্থানের মুখে পলায়ন করেছে।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, যারা এখনো শয্যাশায়ী, পঙ্গুত্ব কিংবা অন্ধত্ব বরণ করেছেন, তারাই জানেন এই গণ-অভ্যুত্থানের বেদনা ও অর্জন কী।
তিনি বলেন, বিএনপি অত্যন্ত ধৈর্যসহকারে গণতান্ত্রিকভাবে সরকার ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দলটি কোনো রক্তপাত চায়নি। সরকারি দল হিসেবে বিএনপির আচরণ, আত্মত্যাগ ও ধৈর্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি গণতান্ত্রিক আচরণ করার অঙ্গীকার করেছে। জুলাই জাতীয় সনদে সই করেছে, যাতে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং রাজনৈতিক চর্চা গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষার্থে প্রয়োজন হলে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, অতীতেও যখন স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, তখন বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়া ও দলের বর্তমান নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের আন্দোলন এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের গণতন্ত্র বারবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি সেই ধারা অব্যাহত রাখবে।
বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন থেকেই মাসব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ১ ডিসেম্বর গ্র্যান্ড র্যালির মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনের পাশাপাশি ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।
সালাহউদ্দিন আহমদ বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বিজয়ের মাসকে এবার ১ ডিসেম্বর থেকেই উদ্যাপন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সরকারি ও দলীয়ভাবে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, র্যালির আয়োজন সফল করতে দলের সাংগঠনিক পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ সব অঙ্গসংগঠনের নেতারা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করেছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ওই কর্মসূচিতে অংশ নেবেন এবং নেতাকর্মীদের অনুপ্রাণিত করবেন।
৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে আরও কর্মসূচি থাকবে জানিয়ে তিনি বলেন, দলের মহাসচিব আনুষ্ঠানিকভাবে এসব কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমকে জানাবেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চায়। এর মধ্য দিয়ে দেশে যেন আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান বা পুনরুত্থান না ঘটে, সেই প্রতিজ্ঞা রয়েছে দলের।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায় শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের শীর্ষ নেতাকর্মীরা।
শীর্ষ সংবাদ: