জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩০, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৭ থেকে ১১টা ১৯ মিনিটের মধ্যে আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হলে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে জবি ক্যাম্পাসসংলগ্ন আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত আইনজীবী সরফরাজ ইসলাম হৃদয়কে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আদালত ভবনের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বলেন, বিস্ফোরণের পরপরই আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোস (মতান্তরে রাজীব ঘোষ) নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।
ঘটনার পরপরই ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করে বলেন, "স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত রয়েছি।"
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে একইভাবে সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ওই ঘটনায় পরদিন সূত্রাপুর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে মামলা করেন। পরে ওই মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
শীর্ষ সংবাদ: