চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশ: ১৯:১০, ২৬ নভেম্বর ২০২৬
সন্ত্রাস, নাশকতা ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এতে জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। তাঁরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই-আগস্টের গণহত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
একই সঙ্গে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি তুলে ধরেন বক্তারা।
তাঁরা বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল কাদের, অর্থ সম্পাদক মো. কামাল হোসেন ও প্রচার সম্পাদক মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. হাসিবুল ইসলাম, সেক্রেটারি মো. মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা বেলাল হোসাইন ও সেক্রেটারি মো. গোলাম রাসুলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: