সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮:৩৪, ২৬ নভেম্বর ২০২৬
নিহত মোবাশ্বির ও নিখোঁজ মারুফ জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সুরমা নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর প্রাণ বাঁচাতে চারজন সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন মোবাশ্বির ও মারুফ। নৌকাটিতে প্রায় ৭৫০ ফুট বালু বোঝাই ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও থানা-পুলিশ। নদীতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার মোবাশ্বিরের মরদেহ পাওয়া যায়। কিন্তু দ্বিতীয় নিখোঁজ শ্রমিক মারুফের সন্ধান না মেলায় উদ্ধারকাজ নিয়ে নতুন করে তৎপরতা চালানো হচ্ছে।
উদ্ধারকারীদের ধারণা, নৌকাটি ডুবে যাওয়ার সময় মারুফ এর ভেতরে আটকা পড়ে থাকতে পারেন। এ কারণে নিখোঁজ শ্রমিকের সন্ধান পেতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌকা উদ্ধারের কাজ এখনো চলমান রয়েছে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, উপজেলা প্রশাসন, থানা-পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবারের মতো উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।
একদিকে মোবাশ্বিরের মরদেহ উদ্ধারে স্বজনদের আহাজারি, অন্যদিকে মারুফের কোনো সন্ধান না পাওয়ায় তাঁর পরিবারের সদস্যদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। এখনো প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন মারুফের স্বজনরা।
শীর্ষ সংবাদ: