সকাল ১০টায় অফিস শুরুর কথা,কর্মকর্তার দেখা মিলল দুপুর ১টা ৩৭মিনিটে

জয়পুরহাট প্রতিনিধি:

প্রকাশ: ১৯:১৫, ২৬ নভেম্বর ২০২৬

সকাল ১০টায় অফিস শুরুর কথা,কর্মকর্তার দেখা মিলল দুপুর ১টা ৩৭মিনিটে

সরকারি দপ্তরে অফিস শুরুর নির্ধারিত সময় সকাল ১০টা। অথচ সেই সময় পেরিয়ে দুপুর ১টা ৩৭ মিনিটে কার্যালয়ে উপস্থিত হলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। এ নিয়ে প্রশ্ন উঠেছে জয়পুরহাট সদর উপজেলার ৭ নম্বর বম্বু ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষের সেবা পাওয়া নিয়ে।

অভিযোগ রয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোছা. আলপনা পারভীন নিয়মিত নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হন না। বুধবার (২৫ নভেম্বর) পরিষদ কার্যালয়ে সাংবাদিকেরা গেলে তাঁকে সেখানে পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ৩৭ মিনিটে তিনি কার্যালয়ে উপস্থিত হন। অভিযোগ উঠেছে, সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়েই তিনি অফিসে আসেন। এ সময় তাঁর নির্ধারিত টেবিলে বেশ কিছু দাপ্তরিক নথিপত্র জমা পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে আলপনা পারভীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত সময়েই অফিসে আসেন। তবে কয়েক মাসে একাধিকবার চেয়ারম্যান পদে পরিবর্তন হওয়ায় পরিষদের ব্যাংক হিসাব পরিবর্তনসহ বিভিন্ন দাপ্তরিক কাজের জন্য তাঁকে ব্যাংক ও অন্যান্য কার্যালয়ে যেতে হচ্ছে। জয়পুরহাট সদরে তাঁর বাসা হওয়ায় বুধবার সরাসরি ইউনিয়ন পরিষদে না এসে বাড়ি থেকে ব্যাংকসহ প্রয়োজনীয় কাজ শেষ করে কার্যালয়ে এসেছেন।

তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন, সরাসরি অফিসে উপস্থিত না হয়ে হাজিরা না দেখিয়ে দেরিতে আসা তাঁর উচিত হয়নি।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, তিনি মাত্র ১৫ দিন আগে দায়িত্ব নিয়েছেন। তাঁর দায়িত্ব গ্রহণের আগে আলপনা পারভীন অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ছুটিতে ছিলেন। বর্তমানে তিনি কেন নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছেন না, তা তাঁর জানা নেই।

জনসাধারণের সেবা কার্যক্রমে কর্মকর্তার অনুপস্থিতির প্রভাব সম্পর্কে চেয়ারম্যান বলেন, দাপ্তরিক দায়িত্বে থাকা কেউ অনুপস্থিত থাকলে জনগণের সমস্যা হওয়াটা স্বাভাবিক। তিনি নিজে সকাল ৯টায় অফিসে আসেন। তবে আলপনা পারভীন সরকারি প্রশাসনিক কর্মকর্তা হওয়ায় তাঁর বিষয়ে বিস্তারিত বলতে পারবেন না।

পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সুবল চন্দ্র পাহান বলেন, তিনি নিজের দায়িত্ব অনুযায়ী নিয়মিত অফিস করেন এবং দাপ্তরিক কাজ পরিচালনা করেন। তবে আলপনা পারভীন কেন দেরিতে আসেন কিংবা কী প্রয়োজনে কার্যালয়ের বাইরে থাকেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না।

এদিকে পরিষদে সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তাঁরা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। আলেফোন, সজিব, বিধান ও আনোয়ারসহ কয়েকজন জানান, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। কাজ সম্পন্ন হলে তাঁদের প্রতিনিধির মাধ্যমে জানানো হবে বলে বলা হয়েছে।

অন্যদিকে পরিষদের ব্যাংক হিসাব পরিবর্তনের কাজের বিষয়ে আলপনা পারভীনের বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন। চেয়ারম্যান আতাউর রহমানও জানান, ব্যাংক হিসাব পরিবর্তনের বিষয়ে তিনি এখনো বিস্তারিত জানতে পারেননি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পরিষদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, নথিপত্র সংরক্ষণ, পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা এবং নাগরিক সেবাসংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জন্ম-মৃত্যু নিবন্ধন ও বিভিন্ন নাগরিক সনদ প্রদানের প্রশাসনিক কার্যক্রমেও তাঁর ভূমিকা রয়েছে।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৬২ ধারায় পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলি সম্পর্কে বিধান রয়েছে। ২০২৪ সালের সংশোধনীতে আইনের 'সচিব' শব্দের পরিবর্তে 'ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা' শব্দ যুক্ত করা হয়েছে।

এমন পরিস্থিতিতে সরকারি দায়িত্ব পালনে সময়ানুবর্তিতা, দাপ্তরিক উপস্থিতি এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়টি সামনে এসেছে। নির্ধারিত সময়ে কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত না থাকলে সাধারণ মানুষকে সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, 'আমি বিষয়টি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি। বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন