মান্দায় বাঁশঝাড়ে কিশোরের মরদেহ, ভ্যান-ফোন ছিনতাইয়ের অভিযোগ

​নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮:৫৬, ২৭ নভেম্বর ২০২৬

মান্দায় বাঁশঝাড়ে কিশোরের মরদেহ, ভ্যান-ফোন ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন (১৬) নামের এক কিশোরকে হত্যা করে তার চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​নিহত সিয়াম মান্দা উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সিয়াম আর বাড়ি ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। একপর্যায়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। পরে আজ শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে এক কিশোরের মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।

​নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের পথ করে দিতে তাকে একটি চার্জারভ্যান কিনে দেন। গতকাল সকালে সেই ভ্যান নিয়ে বের হওয়ার পর রাতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন তাঁরা। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।

​মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কিশোরটিকে হত্যার পর তার চার্জারভ্যান ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন