৫১৭ কোটি টাকার ঋণ নিয়েই ৬৯তম আখ মাড়াই শুরু জিল বাংলা চিনি মিলের

দেওয়ানগঞ্জ (জামালপুর ) প্রতিনিধিঃ 

প্রকাশ: ১৮:৩৬, ২৭ নভেম্বর ২০২৬

৫১৭ কোটি টাকার ঋণ নিয়েই ৬৯তম আখ মাড়াই শুরু জিল বাংলা চিনি মিলের

জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত রাষ্ট্রায়ত্ত জিল বাংলা চিনিকল ৫১৭ কোটি টাকার পুঞ্জিভূত ঋণ মাথায় নিয়ে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু করতে যাচ্ছে। দেশের প্রাচীনতম চিনি শিল্পগুলোর একটি এই প্রতিষ্ঠানটির ঋণের বৃহৎ অংশই ব্যাংক সুদজনিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২৭ নভেম্বর ২০২৬ বিকেলে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন । মিল সূত্র জানায়, এই মাড়াই চলবে ৮৬ দিন । চলতি মৌসুমে ৭৭ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার তিন শত নব্বই মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনাব মোঃ শামসুজ্জামান (সুরুজ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জবাব এম রশিদুজ্জামান মিল্লাত এমপি মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । বিশেষ অতিথি জনাব শাহ মোঃ ওয়ারেজ আলি মামুন সংসদ সদস্য জামালপুর -৫, জনাব মোঃ সুলতান মাহমুদ বাবু সংসদ সদস্য জামালপুর -২ 

দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের আখচাষের ওপর নির্ভর করে ১৯৫৭ সালে পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ‘জিল পাক সুগার মিল’ প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর এর নাম হয় ‘জিল বাংলা সুগার মিলস’। ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত শিল্প হিসেবে ঘোষিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬৮ টি মাড়াই মৌসুম সম্পন্ন করেছে মিলটি, যার মধ্যে মাত্র ১৯ মৌসুমে লাভ হয়েছিল।

চাষিদের অভিযোগ, যন্ত্রাংশ সঙ্কট, ঋণ সুবিধা না পাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য ফসলে অধিক লাভ হওয়ায় আখচাষ ক্রমে কমে যাচ্ছে। মিলের সক্ষমতা হ্রাস, বাজার সিন্ডিকেট ও নানাবিধ জটিলতা দীর্ঘদিন ধরে লোকসান বাড়িয়ে তুলছে বলেও তারা দাবি করেন।

জিল বাংলা চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ ফেরদৌস আলম, মিলকে টিকিয়ে রাখতে কৃষকদের আখচাষে আরো আগ্রহী হতে হবে। তিনি বলেন, ‘চাষিদের অন্যান্য ফসলের পাশাপাশি আখচাষ বজায় রাখতে হবে। সরকার ও শিল্প মন্ত্রণালয় পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ নিয়ে কাজ করছে।’

এলাকাবাসীর দাবি, মিলটি আধুনিকায়ন এবং বহুমুখী উৎপাদন কার্যক্রম শুরু করতে পারলে একসময়কার লাভজনক এই শিল্প আবার ঘুরে দাঁড়াতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন