জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯:০০, ২৭ নভেম্বর ২০২৬
জমির সীমানার আইল কাটাকে কেন্দ্র করে বিরোধ। সেই বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ হারালেন বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
দেলোয়ার হোসেন কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে। পুলিশ জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার বিরোধপূর্ণ জমির আইল কাটতে গেলে ছোট ভাই নবিরুলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নবিরুল কোদাল দিয়ে দেলোয়ারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা নবিরুলকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০শয্যা আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শীর্ষ সংবাদ: