প্রতিবন্ধকতা ও বয়সের ভার, তবু থেমে নেই জীবিকার লড়াই

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮:০৭, ২৬ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধকতা ও বয়সের ভার, তবু থেমে নেই জীবিকার লড়াই

শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা, অন্যদিকে বয়সের ভার। তবুও থেমে নেই জীবিকার লড়াই। ভৈরব নদের বাগেরহাটের যাত্রাপুর বাজারসংলগ্ন কুলিয়া দাইড় খেয়াঘাটে দড়ি টেনে নৌকায় মানুষ পারাপার করে সংসার চালান ৩৫ বছর বয়সী জনি মোল্লা ও ৬৫ বছর বয়সী আবদুর রহমান শেখ। প্রতিদিনের পরিশ্রমে অর্জিত আয় দিয়েই চলে তাঁদের পরিবার। সীমাবদ্ধতা আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই কাটছে তাঁদের জীবন।

প্রতিদিন ভোর হলেই খেয়াঘাটে ছুটে আসেন তাঁরা। নৌকার সঙ্গে বাঁধা মোটা দড়ি টেনে নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাত্রী পারাপার করেন। সকাল থেকে রাত পর্যন্ত নদীর ঘাটেই কাটে তাঁদের কর্মব্যস্ত সময়। রোদ-বৃষ্টি কিংবা নদীর স্রোত কোনো কিছুই তাঁদের জীবিকার লড়াই থামাতে পারেনি।

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়া দাইড় গ্রামের বাসিন্দা জনি মোল্লা। ছোটবেলা থেকেই নদী ও নৌকার সঙ্গে তাঁর সম্পর্ক। প্রায় আট বছর ধরে এই ঘাটে দড়ি টেনে নৌকা পারাপারের কাজ করছেন তিনি। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার পাশাপাশি তাঁর একটি চোখ অন্ধ। তবুও পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করে যাচ্ছেন। নিজের উপার্জনের টাকা তুলে দেন মায়ের হাতে।

অন্যদিকে, ৬৫ বছর বয়সী আবদুর রহমান শেখের বাড়ি যাত্রাপুর এলাকার চাপাতলা গুচ্ছগ্রামে। বয়সের ভারে শরীর আগের মতো সায় না দিলেও সংসারের হাল ধরতে প্রতিদিন ঘাটে আসেন তিনি। তাঁর মৃত বাবা হাসেন উদ্দিন শেখ।

স্থানীয়রা বলেন, ভৈরব নদের এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীসহ প্রায় ৬০০ থেকে ৭০০ মানুষ পারাপার হন। তাঁদের নদী পারাপার নির্বিঘ্ন করতে প্রতিদিন দড়ি টানার কঠিন কাজটি করেন জনি ও আবদুর রহমান।

জনি ও আবদুর রহমানের দাবি, তাঁদের উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা। জীবিকার তাগিদে প্রতিদিন পরিশ্রম করলেও আর্থিক সংকট তাঁদের নিত্যসঙ্গী। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা মনে করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সরকারের সহযোগিতা পেলে কিছুটা স্বস্তি ফিরতে পারে তাঁদের পরিবারে।

প্রতিবন্ধকতা, বার্ধক্য আর অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও তাঁরা থেমে যাননি। নদীর বুকে দড়ি টেনে মানুষ পারাপার করাই তাঁদের জীবিকার অবলম্বন। নিজেদের কষ্টের মধ্যেও পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার সংগ্রামই তাঁদের প্রতিদিনের বাস্তবতা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন