কুয়েটের সিএসই ও ইসিই বিভাগে ছয় বছরের বিএইটিই স্বীকৃতি

কুয়েট প্রতিনিধি

প্রকাশ: ২১:২৮, ২৫ নভেম্বর ২০২৬

কুয়েটের সিএসই ও ইসিই বিভাগে ছয় বছরের বিএইটিই স্বীকৃতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) এবং ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগ ছয় বছরের জন্য বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE)-এর স্বীকৃতি অর্জন করেছে।

প্রকৌশল শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে এ স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। BAETE বাংলাদেশের প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম, পাঠ্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার মতো বিভিন্ন বিষয় মূল্যায়নের মাধ্যমে স্বীকৃতি প্রদান করে।

উল্লেখ্য, BAETE ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ স্বাক্ষরকারী। ফলে এর স্বীকৃতিপ্রাপ্ত প্রকৌশল প্রোগ্রামগুলো আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা লাভ করে। এ স্বীকৃতি সংশ্লিষ্ট প্রোগ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আন্তর্জাতিক সুযোগ তৈরিতেও সহায়ক।

কুয়েটের সিএসই ও ইসিই বিভাগের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার উৎকর্ষ, একাডেমিক সক্ষমতা এবং আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ অর্জন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবার জন্য গর্বের।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন